শিল্পীর পাশে ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা এবং প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে স্মরণ সভার আয়োজন করেছে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’।

আগামী ১৭ জানুয়ারি ২০১৮, বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলা একাডেমির মূল মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ব্যবসা, অর্থনীতি, নেতৃত্ব, যোগাযোগ ও সংস্কৃতি খাতে আনিসুল হকের বহুমূখী অবদান সম্পর্কে আলোচনা করা হবে এ স্মরণ সভায়।

শিল্পীর পাশে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কোষাধ্যক্ষ সৈয়দ আবদুল হাদি, সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ফেরদৌসী রহমান, মুস্তাফা মনোয়ার, আসাদুজ্জামান নূর এমপি, আবুল খায়ের লিটু, ফরিদুর রেজা সাগর, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আলি যাকের, ফয়সাল সিদ্দিকী বগি, আব্দুল মাতলুব আহমেদ, অঞ্জন চৌধুরী পিন্টু, মো. সিদ্দিকুর রহমান, মহাসচিব ব্যারিস্টার ওমর সাদাত অনুষ্ঠানে উপস্থিত থেকে আনিসুল হকের বহুমুখী কীর্তি নিয়ে কথা বলবেন।অনুষ্ঠানে আনিসুল হকের কীর্তিময় জীবনের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র প্রদর্শিত হবে।

সঙ্গীতশিল্পী, অভিনেতা, লেখক, নির্মাতা, ব্যবসায়ী, বন্ধু ও সহকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে উপস্থিত থাকবেন।

মেয়র আনিসুল হকের অদম্য প্রেরণাতেই গড়ে উঠেছিল শিল্পীর পাশে ফাউন্ডেশন। বাংলাদেশের প্রতিটি শিল্পীর অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে তুমুল উৎসাহে  ২০১৬ সালের ১৯ নভেম্বর সবাইকে একমঞ্চে ডেকে এনে এই ফাউন্ডেশনের গোড়াপত্তন করেছিলেন তিনি।