আজ ২ ডিসেম্বর ২০১৭ শনিবার বাদ আসর ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন হয়। জানাজায় সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার আগে আনিসুল হকের ছেলে নাভিদুল হক শোকের সময় পাশে থাকার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বাবার কথায় বা আচরণে কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকলে তিনি পরিবারের পক্ষে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, স্পিকার শিরীন শারমিনের পক্ষে ক্যাপ্টেন মোশতাক আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন এবং সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধা জানায়। এ ছাড়া বিজিএমইএ, এফবিসিসিআই, বিকেএমইএসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানায়।