প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে রবিবার এক ঘণ্টা বেশি সময় কাজ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এই পরিশ্রমে তাদের কোন কষ্ট হয়নি, প্রয়োজনে আরও বেশি পরিশ্রম করতে রাজি আছেন বলে তারা জানান। নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে মেয়র আনিসুল হক খুব গুরুত্ব দিতেন বলে উল্লেখ করেন তারা।

উত্তর সিটি করপোরেশনে প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী। তারা জানিয়েছেন মেয়র দায়িত্ব নেয়ার পর তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। ঈদে ও পহেলা বৈশাখে বোনাস পাচ্ছেন, যা আগে কখনও পাননি। মেয়র পদে যোগ দেবার পর তিনি শীতকালে পরিচ্ছন্নতাকর্মীদের শীতের পোশাক ও কম্বলের ব্যবস্থা করে দিতেন। পরিচ্ছন্নতাকর্মীদের চাকরি থেকে বিদায় নেয়ার সময় চার লাখ টাকা অনুদানের ব্যবস্থাও করে গেছেন তিনি, যেটা আগে কখনও ছিল না। তাদের আফসোস এতো ভালো মানুষ কেন এমন হঠাৎ করে চলে গেলেন।

এছাড়া আবাসনসহ বিভিন্ন খাতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে মেয়র আনিসুল হকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন।

প্রয়াত মেয়রের স্মরণে তিন দিনের শোক পালন করেছে ডিএনসিসি। সর্বসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য মেয়রের বনানীর বাসভবনের সামনে এবং উত্তর সিটি করপোরেশন ভবনে শোক বই খোলা হয়েছে।