ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, অতীতে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেওয়া ও উন্নয়নের অভিজ্ঞতা আমার রয়েছে। যার অভিজ্ঞতা আছে ও সততার সঙ্গে দায়িত্ব পালনের সুনাম আছে নাগরিকরা তাকেই ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। বিজয়ী হলে আমার অভিজ্ঞতা কাজে লাগাবো।
রোববার সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।
নির্বাচনের বিষয় জনগণের ওপর ছেড়ে দিয়ে আনিসুল হক আরও বলেন, ‘আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করতে পারেন। যদি ২৮ এপ্রিল আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আবার আপনাদের মাঝেই ফিরে আসবো।’
আনিসুল হক বলেন, ‘আমাকে নির্বাচিত করে আবার আপনাদের মাঝে ফিরে আসার সুযোগ দেবেন বলে আশা করছি। আমি ঢাকার মানুষের জন্য কাজ করতে চাই।’
নিজেকে উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজের এবং যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি সেসব প্রতিষ্ঠানের উন্নতি করেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে রাজধানীর উন্নয়নে কাজ করবো।’
তিনি বলেন, ‘এ নির্বাচন জাতীয় নির্বাচন নয়, এ নির্বাচনে সরকার পরিবর্তনও হয় না। প্রধানমন্ত্রী আমাকে সমর্থন দিয়েছেন, এটা আমার সৌভাগ্য।’

