সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর বনানী সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদের সময় দোকান মালিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় যদি কেউ তার কাছে অভিযোগ করেন, তাহলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানী সুপার মার্কেটে দোকান মালিক ও পুলিশের সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, বনানীতে কী এমন ঘটনা ঘটেছে যে তার জন্য পুলিশকে গুলি চালাতে হলো। সেটা দেখার জন্য আমি বনানীতে এসেছি। সাধারণ মানুষ হিসেবে আমি কখনই মনে করি না এরকম পরিস্থিতিতে গুলি চালানোর দরকার আছে। এখানে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতদূর জানি মিরপুর জোনের পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। দোকান মালিকদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছি। অপর পক্ষের কাছ থেকে শুনলে আসল ঘটনা বোঝা যাবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় দোকান মালিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে কমপক্ষে ১০ জন আহত হন।

