ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আনিসুল হক অফিস শুরু করেছেন। গতকাল দুপুর সোয়া ১টার দিকে তিনি গুলশান এভিনিউয়ে ডিএনসিসির নগর ভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নগরবাসীকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।
শপথ অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে নগর ভবনে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন শীর্ষ কর্মকর্তা আগে থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। নতুন মেয়র নগর ভবনে পৌঁছলে তাঁকে ডিএনসিসির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একের পর এক ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। একপর্যায়ে নতুন মেয়র বলেন, ‘আমাকে এত ফুলেল শুভেচ্ছা দেওয়ার প্রয়োজন নেই। আজকের পর যেন আপনারা এ রকম না করেন, সে অনুরোধ রইল। ‘ এর পরই তাঁকে মেয়রের কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রশাসক যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে বসেই অফিস শুরু করেন আনিসুল হক। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরা তাঁর অনুভূতি জানতে চাইলে আনিসুল হক নগরবাসীকে ধন্যবাদ জানান। যেসব নির্বাচনী ওয়াদা তিনি করেছিলেন, সেগুলো প্রয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পরিকল্পনা করবেন বলে জানান।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান শেষে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাঈদ খোকন আজিমপুর কবরস্থানে তাঁর বাবা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন।
আজ দক্ষিণ সিটি করপোরেশনে অফিস শুরু করবেন সাঈদ খোকন।

