“আমাদের সঙ্গে প্রায়ই মুঠোফোনে কথা হতো, সাক্ষাৎ হতো দু’একদিন পর পর, দেখা হলেও হাসিমাখা মুখে আনিস ভাই আমার সঙ্গে কুশল বিনিময় করতেন। আর কখনো তার সঙ্গে এমনভাবে কুশল বিনিময় হবে না।”
শনিবার বনানীতে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হককে শ্রদ্ধা জানাতে আবেগাপ্লুত হয়ে এবাবে স্মৃতিচারণ করছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আনিসুল হক অত্যন্ত বলিষ্ট ও সাহসী মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দুজন মিলে এই মহানগরীর পরিবর্তনের যে সূচনা করেছিলাম মাঝ পথে এসে তা থমকে দাঁড়াল। তবে জীবন থেমে থাকে না, জীবন তার নিজস্ব গতিতে চলে, শূন্যতাও পূরণ হয়।’
“তবে আনিসুল হকের যে শূন্যতা তা পূরণ করতে অবশ্যই সময় লাগবে। যারা দায়িত্বে থাকবেন তারা তার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন।”
কান্নাভেজা চোখে সাঈদ খোকন বলেন, ‘নগরবাসীর কাছে অনুরোধ থাকবে, সৃষ্টিকর্তা মানুষকে গুণের সঙ্গে দোষ ত্রুটি দিয়ে থাকেন, চলার পথে আনিস ভাইয়ের কাছে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন; তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আনিসুল হকের জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা তাকে জান্নাত দান করেন।’

