ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে মেয়রের মৃত্যুর পর তারা পৃথক শোক বার্তায় প্রয়াত মেয়রের পরিবারের প্রতি সমবেদনাও জানান।

প্রয়াত মেয়র আনিসুল হক

প্রয়াত মেয়র আনিসুল হকশোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মেয়র আনিসুল হক একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা ছিলেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে আনিসুল হকের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগণের কল্যাণে মেয়র আনিসুল হক অনেক যুগান্তকারী পদক্ষেপ নেন। অসাধারণ কাজের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মেয়র আনিসুল হক। কাল বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
কিছুটা শারীরিক অসুস্থতা নিয়েই গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। দেশে চিকিৎসকরা তার সমস্যাটি শনাক্ত করতে পারেননি। পরে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির এক ধরনের প্রদাহ) আক্রান্ত হয়েছিলেন।