ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যকে করেছেন মুঠোবন্দি। ছিলেন সফল, পরিশ্রমী, স্বপ্নবাজ ও নিষ্ঠাবান। এই মানুষটির কর্মময় জীবনের স্মৃতি নিশ্চয়ই বহুকাল হৃদয়ে বইবেন তার সতীর্থ, সহকর্মী এবং অন্যরা। আনিসুল হককে শেষ বিদায় জানাতে এসেও সেই স্মৃতির ডালি মেলে ধরেছিলেন বিশিষ্টজন। তারা বলেছেন, আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মেয়র হয়েও আনিসুল হক মূলত দল-মতের ঊর্ধ্বে থেকে আপামর নগরবাসীর নেতা হয়ে উঠেছিলেন। তিনি বেঁচে থাকলে এই ঢাকা শহরের আরও অনেক উন্নয়ন সম্ভব ছিল বলে বিশ্বাস করেন তারা।
আনিসুল হকের জানাজায় যোগ দিতে এসে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বললেন, একদিকে তার সততা ছিল, অন্যদিকে ছিল যোগ্যতা। বড় সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হননি। অথচ তার আচরণ ছিল অমায়িক। কাউকে আপন করে নিতে খুব বেশি সময় লাগত না তার। যতদিন ঢাকা মহানগর থাকবে; মানুষের স্মৃতিতে তিনি অক্ষয় হয়ে বিরাজ করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে মেয়রের দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় আনিসুল হক আর পাওয়া যাবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, একসঙ্গে তারা দু’জন মেয়র নির্বাচিত হন। প্রায় প্রতিদিনই তাদের কথা হতো। ঢাকা শহরকে এগিয়ে নেওয়ার জন্য তারা পরামর্শ করে কাজ করতেন। এ কারণে ঢাকায় একটি পরিবর্তনও এসেছে। আনিসুল হকের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়।
আনিসুল হকের প্রশংসা শোনা গেল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠেও। তিনি বলেন, সততা, যোগ্যতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকার মাধ্যমে নির্দলীয় অবস্থানে থেকেও যে স্থানীয় সরকার চালানো যায়, উন্নয়ন করা যায়- সেই নজির আনিসুল হক রেখে গেছেন।
এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেন, আনিসুল হক যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সফল হয়েছেন। এফবিসিসিআইর সভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে আনিসুল হক ছিলেন সফলতম সভাপতি। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, আনিসুল হক ছিলেন ব্যবসায়িক নেতা। তার চলে যাওয়ায় দেশের বিরাট ক্ষতি হয়ে গেল। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার মৃত্যুতে ব্যবসায়িক সমাজ একজন অভিভাবককে হারিয়েছে। তার কাছ থেকে ব্যবসায়ীরাও অনেক কিছু শিখেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আনিসুল হক ঢাকা শহর নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেগুলো পূরণ হলেই তার আত্মা শান্তি পাবে। কেউ না কেউ যেন তার স্বপ্নগুলো পূরণ করে তাকে শান্তি দেন।

