ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশেনের প্রয়াত মেয়র আনিসুল হক পরিবারের বটগাছ ছিলেন বলে মন্তব্য করেছেন তার ছোটভাই সহিদুল হক।
বুধবার গুলশান আজাদ মসজিদে আনিসুল হকের কুলখানিতে তিনি এ মন্তব্য করেন।
সহিদুল হক বলেন, আনিসুল হক বিরাট বটগাছ। সেই গাছের নিচে আমরা সবাই বড় হয়েছি। আমাদের পরিবারের কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সবাই তার কাছে চলে যেতাম।
সহিদুল হক বলেন, আনিসুল হক খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতেন। তিনি খুব ‘ফ্যামিলি ম্যান’ ছিলেন। সারা দিনের কাজ শেষে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন।
তিনি আরও বলেন, তিনদিন আগে আমরা তার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তখন পেছন থেকে একটি ছেলে আমাদের একটি চিঠি দেন। পরে ঐ ছেলে জানান,তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। তার মা তাকে আনিসুল হকের কবর জিয়ারত করতে বলেছেন এবং চিঠিটি আমাদের পরিবারের কাউকে দিতে বলেছেন। এ হচ্ছে আনিসুল হকের প্রতি মানুষের ভালোবাসা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হকের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন, মেয়র আনিসুল হক দুই বছরের মধ্যে সেই আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। আমরা আনিসুল হকের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে যেতে চাই।
আনিসুল হকের ছেলে নাভিদুল হক বলেন, যারা এখানে এসেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন শোক কাটিয়ে উঠতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, আনিসুল হকের আরেক ছোট ভাই সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.)ফারুক খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম খান প্রমুখ।


