গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘কিছু মানুষের অন্যরকম স্বার্থ জড়িত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এটা কখনও করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার গুলশান-২ এ সিটি করপোরেশনের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে আনিসুল হক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।
এরপর ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় কাদের স্বার্থ জড়িত সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যে বোঝে তার জন্য ইশারাই যথেষ্ট।’
আনিসুল হক ব্যবসায়ীদের আশ্বস্ত বলেন, ‘আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা বন্ধু, শত্রু নই। আমাদের ওপর আস্থা রাখুন, আপনাদের জন্য যা যা করা দরকার সককিছু সিটি করপরেশন থেকে করা হবে।’

অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিটিতে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকবে বলে জানান ডিএনসিসি মেয়র।

সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা ও গুলশান ডিসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন)  মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।

ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

View Source PDF