জলাতঙ্ক রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল রোববার দুপুরে মহাখালী ডিএনসিসি মার্কেটে পথের কুকুরদের টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি ‘সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। ডিএনসিসির সহযোগিতায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এবং বেসরকারি সংস্থা অভয়ারণ্যের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

মেয়র বলেন, ‘কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় বলে কুকুর হত্যা করে এ সমস্যার সমাধান হবে না; বরং টিকাদান ও বন্ধ্যাকরণ এর একটি চমৎকার ও মানবিক সমাধান। গুলশান, বারিধারা, বনানী বা নিকেতন সোসাইটির মতো অন্যান্য সোসাইটি এবং বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় পথের কুকুরদের টিকাদান ও বন্ধ্যাকরণের এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

অভয়ারণ্যের কর্মসূচি সমন্বয়ক কাজী ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভয়ারণ্যের চেয়ারপারসন রুবাইয়া আহমেদ। এতে বক্তব্য রাখেন ওয়ান হেলথ বাংলাদেশের জাতীয় সমন্বয়ক ডা. নিতীশ চন্দ্র দেবনাথ ও হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মায়া বারোলো রিজভী। উদ্বোধন শেষে প্রকল্পের কার্যক্রম বিষয়ে বিবরণ দেন প্রকল্প পরিচালক ডা. সঞ্জয় আহির। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া, প্রধান কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।