ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলতে ঝাড়ু হাতে রাজপথে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার (১৮ মার্চ) দুপুরে গুলশান লেক পার্কে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী ও সনদ প্রদান অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে রাজপথ পরিষ্কার করেন তিনি।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।এর আগে সোসাইটির সভাপতি ডা. এটিএম নাজমুল হুদার কাছ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার পোশাক পেয়ে মেয়র আনিসুল হক বলেন, কেমন লাগছে দেখতে আমায়? পাশের সিটে বসা অনেকেই বলছেন আমায় দেখতে বেশ লাগছে।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আগামী ২ বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২শ’ সিসি ক্যামেরা লাগানো হবে। এলইডি বাতি লাগানো হবে। আমরা ভালো মানের বাতি কিনব। ঢাকা শহরকে বদলে দেব। শুধু তাই নয়, ৬-৮ মাসের মধ্যে ট্রাফিক সমস্যা সমাধানে ২১টি ইউলুপ করা হবে। সব কাজ আমরা সময় নিয়ে করছি। তাতে একটু দেরি হতেই পারে। বর্তমানে আমরা রাজধানীর ৬৩টি এলাকায় ২৫০০ টন বর্জ্য পরিষ্কার করছি। তবে যখন নির্বাচন করেছিলাম তখন প্রতিশ্রুতি ছিলো মেয়রের, ঢাকা শহর সিঙ্গাপুর হয়ে যাবে। কোনো যানজট থাকবে না, অপরিষ্কার থাকবে না। কিন্তু তখন জানিই না যে, অর্ধেকের বেশি কাজ আইনগতভাবে আমার করারই অধিকার নেই।