সুন্দর নগরী গড়তে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দায়িত্বশীলদের কাছ থেকে পরামর্শ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মেয়র তার দায়িত্বকালে নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
নগরীকে সুন্দর রাখা কেবল মেয়রের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে নাগরিকদের সচেতনতা বাড়াতে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বিনা অর্থে এক মিনিট সময় প্রার্থনা করেন মেয়র। ওই সময়ে টিভি চ্যানেলগুলো সচেতনতামূলক প্রচার চালাবে। রাজধানীকে সুন্দর রাখতে নগরবাসীকে উদ্বুদ্ধ করাই হবে ওই প্রচারের মূল উদ্দেশ্য। তবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন অর রশিদ ছাড়া অন্যরা এ ব্যাপারে কেউ স্পষ্ট করে সম্মতি জ্ঞাপন করেননি। পরে মেয়র আগামীতে টেলিভিশন চ্যানেলের মালিকদের সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে টিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী শাইখ সিরাজ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম, ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী এম শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী সামিয়া জামান, সময় টিভির প্রধান নির্বাহী আহমেদ জুবায়ের, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফি আহমেদ, মোহনা টিভির প্রধান নির্বাহী ওয়াসিউর আলম সুমন, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, এসএ টিভির প্রধান নির্বাহী সালাহউদ্দিন জাকির, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ, এনটিভির হেড অফিস নিউজ খায়রুল আনোয়ার, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, বাংলাভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক হোসেন, মোহনা টিভির এমডি জিয়াউদ্দিন আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের ইনপুুট এডিটর তালাত মাহমুদ, চ্যানেল নাইনের হেড অব নিউজ আমিনুর রশিদ, বৈশাখী টিভির ডিএমডি টিপু বাসেত প্রমুখ। এ সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলাম, সচিব নবীরুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রি. জে. আনোয়ারসহ ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনজুরুল আহসান বুলবুল বলেন, পাঁচজন বিচারপতি ও দু’জন মন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘন করলে অন্যরাও উৎসাহিত হবে। তিনি এ দৃশ্য দেখেছেন সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ বিমানবন্দরে নেওয়ার সময়। এ ছাড়া দুই সিটি করপোরেশনের মধ্যে কাজের সমন্বয়সাধন ও পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশের কাজের সমন্বয় করারও পরামর্শ দেন তিনি।
শাইখ সিরাজ বলেন, রাজধানীতে নিরাপদ বাহনের খুব অভাব। রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সাধারণ মানুষ খুব বিপদগ্রস্ত হচ্ছে।
Published in: সমকাল, ২৬ জানুয়ারি ১৬

