ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আমি একা নই, আমরা সবাই মিলে এ শহরকে সুন্দর, সচল ও আধুনিক শহরে পরিণত করবো।
তিনি বলেন, আমার ভাইয়ের (প্রয়াত মেয়র আনিসুল হক) স্বপ্নের ঢাকা গড়ে তুলতে হলে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজপথে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘সবাই মিলে, সবার ঢাকা’ গড়ার জন্য নৌকায় ভোট চান।
তিনি বিভিন্ন নির্বাচনী মতবিনিময় সভা ও পথসভায় অংশগ্রহণ করেন। সভা শেষে উত্তরার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান সংসদ সদস্য মো. ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের উপস্থিতিতে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এছাড়াও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান বিপুলের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার অন্তর্ভুক্ত ৭ ও ৯ নম্বার সেক্টরে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম দিনভর নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন।

