ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক জানিয়েছেন, রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। চালু করা হবে বাস ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি (বিএফএস)। গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় তিনি এ
কথা জানান।
সভায় বাস মালিকদের প্রতিনিধিরা জানান, যানজটের কারণে দিন দিন ভোগান্তি বাড়ছে। মালিক ও চালকদের আয় কমছে। আনিসুল হক বলেন, রাজধানীর মতো পরিবহন বিশৃঙ্খলা দেশের আর কোথাও নেই। কিন্তু ঢাকার পরিবহন মালিক-শ্রমিকরাই সবচেয়ে বেশি পরিশ্রম করেন। সবাই বিরক্ত পরিবহন ব্যবস্থার ওপর। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন একটি পদ্ধতি নিয়ে আসছি।
নতুন পদ্ধতিতে কী কী থাকবে- এ বিষয়ে মেয়র বলেন, নতুন পরিবহন ব্যবস্থায় যাত্রী ওঠা-নামা করার জন্য প্রতিযোগিতা থাকবে না। বাসে সুশৃঙ্খলভাবে যাত্রী উঠবে, নির্দিষ্ট গন্তব্যে নামবে। ঢাকা শহরে পাঁচটি বাস টার্মিনাল এবং বাসের জন্য সড়কে পৃথক লেন নির্মাণ করা হবে। পাঁচ বছরের চেয়ে বেশি পুরনো, ভাঙাচোরা, মানহীন বাস উঠিয়ে দেওয়া হবে। নামানো হবে চার হাজার নতুন বাস।
আনিসুল হক জানান, উন্নত দেশগুলোতে এ পদ্ধতিতেই বাস চলে। তিনি মালিকদের আশ্বস্ত করেন, নতুন বাস নামাতে তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বক্তৃতা করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, ওসমান আলী প্রমুখ।
Published in: সমকাল, ২৫ জুলাই ১৭

