ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত ফলের ভিত্তিতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

১০৯৩টি ভোটকেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার চেয়ে এক লাখ ৩৫ হাজার ৩৭ ভোট কম পেয়েছেন নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি একযোগে ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ভোটগ্রহণ হয়।

নবগঠিত ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। বিভক্তির পর এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে লড়েন ১৬ জন।

অন্য প্রার্থীরা হলেন- মাহী বদরুদ্দোজা চৌধুরী (ঈগল), জোনায়েদ সাকি (টেলিস্কোপ), ক্বাফী রতন (হাতি), বাহাউদ্দিন আহমেদ বাবুল (চরকা), নাদের চৌধুরী (ময়ূর), এ ওয়াই এম কামরুল ইসলাম (ক্রিকেট ব্যাট), কাজী মো. শহীদুল্লাহ (ইলিশ), শেখ মো. ফজলে বারী মাসউদ (কমলা লেবু), শামছুল আলম চৌধুরী (চিতাবাঘ), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (ফ্লাক্স), চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী (লাউ), মো. আনিসুজ্জামান খোকন (ডিশ এন্টেনা), মো. জামান ভূঁঞা (টেবিল) এবং শেখ শহিদুজ্জামান (দিয়াশলাই)।

ঢাকা উত্তরে ৩৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮৩ জন ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯০ জন।