Published in: সমকাল, ০৮ জানুয়ারি ১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘তেজগাঁওকে নিয়ে একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই এলাকার রাস্তাসহ পুরো দৃশ্যপট পাল্টাবে। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও নির্দেশনা।’
রোববার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতর নির্মিত আধুনিক গণশৌচাগার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতা ও এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে ডিএনসিসি এ গণশৌচাগারটি নির্মাণ করে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই গণশৌচাগারে রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা কক্ষ, লকার ব্যবস্থা, হাত ধোয়ার জন্য সাবান, পর্যাপ্ত পানি, গোসলের ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থাসহ পেশাদার পরিচ্ছন্নতাকর্মী ও নারী কেয়ারটেকার। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ট্রাকস্ট্যান্ডের পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘২০১৫ সালের ২৯ নভেম্বর এখানে একপ্রকার যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। সেদিন এই সামনের সড়কে এমন সুশৃঙ্খল পরিবেশের কথা কল্পনাও করেননি কেউ। অথচ এখন তা বাস্তবে রূপ নিয়েছে। এতে সকলেই উপকৃত হচ্ছেন।’
এ সময় ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খাইরুল ইসলাম, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা, নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেন, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

