বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আর উন্নয়নের চিত্রে উজ্জ্বল হয়ে উঠল মেয়র আনিসুল হক সড়ক। সড়কটির দেয়ালে যেমন ফুটে উঠেছে ভাষা আন্দোলন, তেমনি চিত্রিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি। পাশাপাশি এখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিস্ময়কর উন্নয়নের চিত্র।
রোববার জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শুরু করেছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন আনিসুল হক সড়কের দেয়ালে দৃষ্টিনন্দন এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে।
রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক রাস্তাটি উদ্ধার করেছিলেন। সে সময় বাস-ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন যেভাবে সহযোগিতা করেছিল, এই সড়কটির দেখভালেও তারা সেভাবে সহযোগিতা করবেন।
এ সময় তিনি পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি বলেন, এই দেয়াল থাকবে আপনাদের দায়িত্বে। আপনারাই এটা রক্ষা করবেন। এভাবে প্রত্যেকে নিজ নিজ এলাকার একটু একটু জায়গার ময়লা-আবর্জনা পরিস্কার করে নিজেদের ঢাকা গড়ে তুলবেন। তিনি জানান, ‘ওয়ার্ড কাউন্সিলররা তাকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা নেননি। তিনি তাদের বলেছেন, আপনারা আপনাদের ওয়ার্ডগুলোকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলুন। তারপর দেখতে যাব। ওয়ার্ডগুলোর আধুনিকায়ন, পরিচ্ছন্নতা ও কাজ দিয়ে সন্তুষ্ট করুন। সেটাই হবে সংবর্ধনা।’
ডিএনসিসি জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও অনুষদের ১৮০ জন শিক্ষার্থী, ২৫ জন প্রতিবন্ধী শিশু, ছয় শতাধিক স্কুলশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে এই দেয়ালচিত্র অঙ্কনে অংশ নেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, আবহমান বাংলার চিত্র, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি- তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে এ দেয়ালচিত্রে। আছে সচেতনতামূলক কিছু স্কেচও। দেয়ালচিত্র আঁকিয়েদের সমন্বয়কের দায়িত্ব পালনকারী শিল্পী কাউছার হোসেন জানান, আট হাজার বর্গফুট দেয়ালে এই দেয়ালচিত্র আঁকা হবে। এতে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের উন্নয়ন ও সচেতনতার বিষয়টি তুলে ধরা হচ্ছে। দেশের উন্নয়ন কাজ যেন সচেতনভাবে হয়, মানুষ যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে- সেজন্য এসব দেয়ালচিত্রে তুলে আনা হচ্ছে শিক্ষণীয় বিষয়। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রজয় ও পদ্মা সেতুও দেয়ালচিত্রে স্থান পেয়েছে। পাশাপাশি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণও আছে। বঙ্গবন্ধুর জন্মদিনে এই কাজ শুরু হয়েছে। পুরো কাজ শেষ হতে কয়েকটা দিন সময় লাগবে।
আতিকুল ইসলাম বলেন, যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান নেতা এবং ৩০ লাখ শহীদ শুয়ে আছেন, সে দেশের রাজধানী ঢাকা অপরিচ্ছন্ন থাকতে পারে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করব। তিনি বলেন, আসুন ঢাকা শহরকে পরিস্কার রাখি। জাতির পিতার জন্মদিনে প্রতিজ্ঞা করি এই দেশে, এই বাংলার মাটিতে, এই ঢাকা শহরে যেন যত্রতত্র ময়লা না ফেলি- এই হোক আজকের দিনের প্রতিজ্ঞা।
সভায় আরও বক্তব্য দেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। পুরো আয়োজনে সহযোগিতা করে বারভিডা, বার্জার এবং পানাম গ্রুপ।

