নির্বাচিত হলে নারীবান্ধব ঢাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
শনিবার সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের মোল্লা মার্কেটের সামনে থেকে দিনের প্রচারাভিযান শুরু করেন আনিসুল হক। এ সময় এক পথসভায় তিনি ওই অঙ্গীকার করেন তিনি।
নববর্ষের দিন নারী নিপীড়নের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আনিসুল হক বলেন, ‘এ ঘটনা শুধু নারীর অবমাননা নয়, মানবতার প্রতিও নির্মম আঘাত।’
নির্বাচিত হলে নারীবান্ধব ঢাকা গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে সরকারের টাকা না নিয়ে আগামী দুই বছরের মধ্যে সমগ্র ঢাকাকে নারীর জন্য একটি নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে আসা।’
এরপর শনিবার দুপুরে রাজধানীর নিকেতন সংলগ্ন গুলশান পার্কে সচেতন শিল্পী সমাজের উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন আনিসুল হক। এসময় শিল্পীরা আনিসুল হকের প্রতি তাদের সমর্থন জানান।
পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে শিল্পীদের পক্ষে অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, ‘আনিসুল হক একজন টেলিভিশন শিল্পী। তার শিল্পী জীবন শুরু হয়েছিল উপস্থাপনার মধ্য দিয়ে। একজন শিল্পী হিসেবে আমরা সব শিল্পীরা তার সঙ্গে আছি। এর আগে ঢাকার মেয়র পদে আর কোনো শিল্পী প্রার্থীকে দেখা যায়নি। তাকে বিজয়ী করতে সব শিল্পীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’
আনিসুল হককে একজন ‘আপাদমস্তক ভদ্রলোক’ হিসেবে উল্লেখ করে এটিএম শামসুজ্জামান বলেন, তিনি (আনিসুল হক) কাউকে কখনো অসম্মান করে কথা বলেননি। এমন ভদ্রলোককে আমরা মেয়র হিসেবে চাই। আশা করি, তিনি ব্যর্থ হলে তার ব্যাখ্যা দেবেন না, বরং লজ্জিত হবেন।’
এ সময় আনিসুল হক বলেন, ‘আমার জীবন শুরু হয়েছিল একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে। আমাকে মেয়র হিসেবে আপনারা সুযোগ দেন। আমি পাঁচ বছর আপনাদের এমনভাবে সেবা করতে চাই, যাতে রাজধানীতে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হয়।’
শিল্পীদের সঙ্গে রাস্তা পরিষ্কার
এরপর ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামেন আনিসুল হক। বেলা পৌনে একটায় অভিনয় অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গুলশান এক নম্বর পার্ক-সংলগ্ন সড়ক পরিষ্কার করেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়।
সচেতন শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত ‘ক্লিন ঢাকা’ শীর্ষক এ কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেতা এটিএম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপি, অভিনেতা ড. ইনামুল হক, এসকে ফিরোজ, ঝুনা চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, শর্মিলী আহম্মেদ, বেলী আক্তার, তমালিকা কর্মকার, শহিদুজ্জামান সাচ্চু, শাহরিয়ার নাজিম জয়, আরমান পারভেজ মুরাদ, শারমিন টুসি প্রমুখ।
পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তারা।