টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা এবার তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের প্রতি। শনিবার দুপুরে রাজধানীর নিকেতন সংলগ্ন গুলশান পার্কে শিল্পীদের উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানকালে তারা তাদের এ সমর্থনের কথা জানান। শিল্পীদের পক্ষে এটিএম শামসুজ্জামান সেখানে বলেন, ‘আনিসুল হক একজন টেলিভিশন শিল্পী। তার জীবন শুরু হয়েছিল উপস্থাপনার মধ্য দিয়ে। একজন শিল্পী হিসেবে আমরা সব শিল্পী তার সঙ্গে আছি।’ এর আগে সকালে মিরপুর-১২ নম্বর সেকশনের মোল্লা মার্কেটের সামনে থেকে দিনের প্রচার অভিযান শুরু করেন আনিসুল হক। সেখানে এক পথসভায় তিনি নির্বাচিত হলে ‘নারীবান্ধব ঢাকা’ গড়ে তোলার অঙ্গীকার করেন। বর্ষবরণের দিনে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার তীব্র নিন্দা জানান এ মেয়র প্রার্থী।

শিল্পীদের সঙ্গে রাস্তা পরিষ্কার :দুপুর পৌনে ১টায় অভিনয় শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গুলশান এক নম্বর পার্ক-সংলগ্ন সড়ক পরিষ্কার করেন আনিসুল হক। সচেতন শিল্পী সমাজের ব্যানারে ‘ক্লিন ঢাকা’ শীর্ষক এ কর্মসূচিতে আরও অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেতা এটিএম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপি, অভিনেতা ড. ইনামুল হক, এসকে ফিরোজ, ঝুনা চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, শর্মিলী আহম্মেদ, বেলী আক্তার, তমালিকা কর্মকার, শহিদুল আলম সাচ্চু, শাহরিয়ার নাজিম জয়, আরমান পারভেজ মুরাদ, শারমিন টুসি প্রমুখ।

নারীবান্ধব ঢাকা গড়া হবে :এর আগে সকালে মিরপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় আনিসুল হক বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে নারীবান্ধব নিরাপদ ঢাকা গড়বেন। তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে সরকারের টাকা না নিয়ে আগামী দুই বছরের মধ্যে সমগ্র ঢাকাকে নারীর জন্য একটি নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে আসা।’

পরে মোল্লা মার্কেটের সামনে বলে ইলিয়াস আলী মোল্লা এমপি ও আনিসুল হক নির্বাচনী প্রচার কৌশল নির্ধারণ করেন। মিরপুর এলাকায় পোস্টার চোখে না পড়ায় আনিসুল হক স্থানীয় সংসদ সদস্যসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
তিনি ইলিয়াস উদ্দিন মোল্লার গাড়িতে করে যান আলুব্দি গ্রামে। সেখানে উৎসুক জনতা গোলাপের পাপড়ি দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় আনিসুল হক হাসিমুখে আওয়ামী লীগ নেতাকর্মীদের বলেন, পাপড়িতে খুশি হব না, ভোট চাই।
এদিকে বর্ষবরণ অনুষ্ঠানে নারী নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আনিসুল হক। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনা শুধু নারীর অবমাননা নয়, মানবতার প্রতিও নির্মম আঘাত।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান।