একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, আবার স্বপ্নকে বাস্তবায়ন করতেন সেই সফল মানুষ। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, জনপ্রিয় উপস্থাপক, ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের জন্মদিন আজ।

আনিসুল হক, একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। বহুমাত্রিক জীবন ছিলো তার। যখন যেখানেই ছিলেন, উজ্জ্বল করেছেন, উজ্জীবিত করেছেন চারপাশের সবাইকে। আশির দশকে ছোট পর্দায় তার উপস্থিতি আর অনুষ্ঠানের ভিন্নতা টেলিভিশনে এনেছিল নতুন রূপ।

মহিয়সী এই ক্ষণজন্মা মানুষটির জন্ম ১৯৫২ সালের আজকের এইদিনে, নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জে। তার শৈশবের বেশ কিছু সময় কাটে তার নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করেন।

নেতৃত্ব ছিলো তার সহজাত গুনাবলী। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইয়ের শীর্ষ নেতৃত্বে ছিলেন দীর্ঘ সময় । বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে সার্ক চেম্বারের শীর্ষ পদেও ছিলেন গুণি এই মানুষটি ।

২০১৫ সালে ঢাকা উত্তরের প্রথম নগরপিতা নির্বাচিত হন। দিনরাত পরিশ্রম করে গেছেন প্রাণের এই নগরীকে বাসযোগ্য করতে। নগরের স্বার্থে কোনো অন্যায়ের সঙ্গে সমঝোতা করেননি প্রয়াত এই নগরপিতা। পুরোদস্তুর রাজনৈতিক ছিলেন না কিন্তু উন্নয়ন আর ভালোবাসা দিয়ে রাজনিতির মাঠেও হয়েছিলেন সবার আপন।

২০১৭ সালের ৩০ নভেম্বর আশাজাগানিয়া এক পাখি কোটি মানুষকে বিদায় জানিয়ে আকাশের নীড়ে বাসা বাঁধেন। নগরপিতাকে হারিয়ে কেঁদেছে নগরবাসী, অনেকে কাঁদে এখনও।