আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা ও ফুটপাত থেকে সকল দূতাবাস, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ‘নো পার্কিং’ সাইন সরাতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার বুয়েটে আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের উদ্যোগে ইউআরপি ডে উদযাপনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেয়র হওয়ার পর তাকে নতুন পরিকল্পনার চেয়ে উচ্ছেদ করতে হচ্ছে বেশি। অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা বিশ্বের নিকৃষ্ট শহরের মধ্যে স্থান করেছে। এ ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদদের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মেয়র আরও বলেন, বিশ্বের জনবহুল নগরীর মধ্যে একটি ঢাকা। ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে যে কোন পদক্ষেপ নিতে তিনি পিছপা হবে না বলেও জানান।