Published in: সমকাল, ১৫ জুলাই ১৭
‘সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয়’— শুক্রবার দেওয়া এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামলে মশক নিয়ন্ত্রণে সচেতনতামূলক র্যালির শুরুতে আনিসুল হক বলেন, ‘গতকাল এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন— আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি-না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি— হতে পারে।’
মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা বলতে চেয়েছি— বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। আমার বক্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়— এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।’
প্রসঙ্গত, শুক্রবার ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বলেন, ‘মহামারি হোক আর যাই হোক, এজন্য ডিএনসিসি দায়ী না। কারণ এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ছড়ালেও এই মশা সিটি করপোরেশনের ড্রেন কিংবা ময়লার ডাস্টবিনে জন্মায় না। নাগরিকরা অনেকেই চিকুনগুনিয়া সম্পর্কে জানেন, কিন্তু এ ব্যাপারে যথাযথ সচেতনতামূলক ব্যবস্থা নেন না। সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয়।’

