Published in: কালের কণ্ঠ ১৭ আগস্ট, ২০১৭</divhttps://www.kalerkantho.com/print-edition/first-page/2016/06/22/372882>

মস্তিষ্কে রক্তনালির প্রদাহজনিত রোগে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। পাঁচ দিন আগে তাঁকে সেন্ট্রাল লন্ডনের ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে।

গতকাল বুধবার তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা জানতে পেরেছি যে মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। তাঁকে আইসিইউ থেকে হাসপাতালের বেডে নেওয়া হয়েছে। ’

এর আগে মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান বলেন, মস্তিষ্কে রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। প্রায় দুই মাস ধরেই মস্তিষ্কজনিত এই সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু দেশে থাকা অবস্থায় রোগটি ধরা পড়েনি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন।

মিজানুর রহমান জানান, লন্ডনের এই হাসপাতালে আগে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন মেয়র। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে আইসিইউতে রেখে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কথা বলতেও নিষেধ করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। শিগগিরই দেশে ফিরবেন তিনি।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির জানান, হাসপাতালে মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী রুবানা হক ও সন্তানরা রয়েছেন। তাঁরা দেশবাসীর কাছে আনিসুল হকের জন্য দোয়া চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টেলিফোন করে তাঁর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার আপনা থেকেই ঠিক হয়ে যেত। ঢাকায় তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন। ঢাকার চিকিৎসরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিছুদিন আগে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেন। এবার লন্ডনে গিয়ে আবারও সমস্যা দেখা দিলে গত শুক্রবার তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা চলার মধ্যেই একবার সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। ওই হাসপাতালের চিকিৎসকরা দেখেছেন, মেয়রের ব্রেইনে ব্লাড ভ্যাসেলে ইনফ্লেমেশন আছে।

সন্তানসম্ভবা মেয়েকে দেখতে ও নিজের চিকিৎসার জন্য মেয়র আনিসুল হক গত ২৯ জুলাই লন্ডনে আসেন। এখানে আসার পর থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সাধারণ মানুষের ভিড় এড়াতে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের নাম গোপন রাখা হয়েছে।

View Source PDF