গরীব ও ধনী সবার জন্য একটি মানবিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

বুধবার দ্বিতীয় দিনের প্রচারে বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে আজকের পর্যায়ে এসেছি। তাই আমি সাধারণ মানুষের চোখের ভাষা ও তাদের সমস্যা বুঝি। আমি চাই, ঢাকা হবে গরীব ধনী সকলের মানবিক মর্যাদার নগর। পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর আবাস। আমার ওপর আস্থা রাখুন, সুযোগ দিন।’

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, এটি স্থানীয় নির্বাচন। আর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সরকারের সহযোগিতা দরকার। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ও প্রধানমন্ত্রী তাকে সমর্থন দিয়েছেন। তাই তিনিই নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন। ইতোমধ্যে তিনি ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন। এবার শুরু করলেন সমাধান যাত্রা।

তিনি সাংবাদিকদের বলেন, যে প্রার্থী নাগরিক সেবা দেওয়ার সামর্থ্য রাখেন ভোটাররা তাকেই নির্বাচিত করবেন। এ ক্ষেত্রে ভোটাররা তার পাশে থেকে তাকেই বেছে নেবেন বলে তিনি বিশ্বাস করছেন।

আনিসুল হক বুধবার দারুস সালামের পেছনের আবাসিক এলাকা, কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে নতুন বাজার, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, পাইকপাড়া, পীরেরবাগ, আহমেদ নগর, বাড্ডা প্রগতি স্মরণী, মিরপুর খেজুরতলা মসজিদ ও মিরপুর বাউনিয়া বাঁধ এলাকায় নির্বাচনী প্রচার চালান।

এ সময় স্থানীয় মানুষজন তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান। এ সব স্থানে আনিসুল হক দোকানদার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবাসায়ী, ফুটপাতের দোকানিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

তার সঙ্গে ছিলেন স্ত্রী রুবানা হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট তারানা হালিম, আবদুন নূর তুষার প্রমুখ।