ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মেয়র আনিসুল হকের অসুস্থতার জন্য দুঃখ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মেয়র নাছির বলেন, ব্যক্তি হিসেবে আনিসুল হক সৎ ও ভালো মানুষ।

আনিসুল হক মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে  নাগরিক স্বার্থে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা উত্তর সিটিকে যানজটমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।শহরকে যানজটমুক্ত ও পরিবেশ সুরক্ষায় তিনি সার্বক্ষণিক কাজ করেন। তার মতো দক্ষ ও পরিশ্রমী মানুষ সমাজে বিরল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আইসিইউতে রাখা হয়েছে। তিনি গত ২৯ জুলাই যুক্তরাজ্য যান। সেখানে অসুস্থ হয়ে তিন দিন ধরে আইসিইউতে আছেন। মাথায় রক্ত চলাচলের সমস্যায় ভুগছেন মেয়র আনিসুল হক। লন্ডনের হাসপাতালে মেয়রের স্ত্রী রুবানা হক, দুই মেয়ে, জামাতা, ছেলে রয়েছেন।

চসিকের মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, ভারপ্রাপ্ত সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনসহ চসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধান, ঠিকাদারসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন চসিকের এবাদতখানার পেশ ইমাম মো. শওকত উসমান।