লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার আরো অবনতি ঘটেছে। রক্তে সংক্রমণের পর তাঁর ফুসফুসেও সমস্যা ধরা পড়েছে। তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রুবানা হক।
বিডিনিউজ জানিয়েছে, যুক্তরাজ্যে স্বামীর পাশে থাকা রুবানা গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেছেন, ‘তাঁর (আনিসুল) ফুসফুসে সংক্রমণ হয়েছে।
তাঁর অবস্থা ভালো নয়। তাঁর জন্য সবাই দোয়া করুন। ’
এর আগে বুধবার রুবানা জানিয়েছিলেন, আনিসুল হকের চিকিৎসা পদ্ধতি নিয়ে বসবেন চিকিৎসকরা। স্বামীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে তিনি আশাবাদী।
সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের শারীরিক অবস্থা মাঝে উন্নতি ঘটলেও গত মঙ্গলবার আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাঁকে। ওই দিন সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছিলেন, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে মেয়রকে লাইফ সাপোর্টে রাখা হয়। মেয়রের পরিবারের এক সদস্য জানান, রক্তে সংক্রমণ ধরা পড়ায় মেয়রকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও রুবানা। গত ৪ আগস্ট আনিসুল হক অসুস্থ হয়ে পড়লে লন্ডনে একটি হাসপাতালে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। তাঁর মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাঁকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর এক মাসের মধ্যে আবার আইসিইউতে নেওয়া হয় ৬৫ বছর বয়সী মেয়রকে।
তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।

