মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছে। তিনি এখন নিজ থেকেই শ্বাস নিতে পারছেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে এখনো ঘুম পাড়িয়ে রেখেছেন। এ অবস্থাতেই তাঁর চিকিৎসা চলছে।

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মেয়রের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার কথা হয় তাঁর পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষারের সঙ্গে। মেয়রের স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। উনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তাঁর শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে।’

এ অবস্থায় চিকিৎসকেরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন বলেও জানান তুষার। তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগে আমি লন্ডন থেকে ফেরার সময়েই তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তিনি যন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

View Source PDF