রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’ করা হয়েছে। প্রয়াত মেয়রের নামে এই সড়কটির নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দিনভর অবরুদ্ধ আর হামলার মুখেও অটল থেকে এই সাতরাস্তা সড়কের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।
গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ জানায়, গত ১১ ডিসেম্বর ডিএনসিসির ২১তম বোর্ডসভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে চারজন ব্যক্তির নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয়ভাবে পরিচিত সড়ক, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম মুক্তিযোদ্ধাসহ দেশবরেণ্য ব্যক্তিদের নামে নামকরণের দাবি উঠলে করপোরেশনের দ্বাদশ বোর্ডসভায় তা অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া মেয়র সাঈদ খোকনের বাবা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের কবরটি (আজিমপুর কবরস্থানে) স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

