স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে নাতিকে দেখতে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মেয়রকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির সাংবাদিকদের নিশ্চিত করেছেন। প্রাপ্ত সর্বশেষ খবরে বর্তমানে মেয়র আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার অসুস্থ মেয়রকে চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্ত্রী রুবানা হককে ফোন করে অসুস্থতা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন ও মেয়রের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে জানান নাদিম কাদির। এদিকে মেয়রের অসুস্থতায় তার স্ত্রী রুবানা হক স্বামীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নাদিম কাদের জানান, আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। মেয়র আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। মেয়ের সন্তানের (নাতি) জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী আবরাউল হাসান বলেন, স্যার আগস্ট মাসের ৮ তারিখে নানা হয়েছেন। সর্বশেষ ১৩ তারিখ রাতে তার সঙ্গে আমার কথা হয়। তিনি ১৪ তারিখে দেশে এসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও সর্বশেষ তিনি বলেন, আমি আসতে পারব না। তবে সব কাউন্সিলর শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেন। আনিসুল হকের ঘনিষ্ট সূত্র জানায়, মেয়র বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার মাঝে মাঝেই মাথা ঘোরার সমস্যা হতো। তবে কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত। এক পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কয়েকদিন ভর্তিও ছিলেন। এ সময় চিকিৎসরা তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন। এরপর কিছুদিন আগে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই পরামর্শ দেন। লন্ডনে গিয়ে আবারও একই সমস্যা দেখা দিলে গত শুক্রবার তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা চলার মধ্যে একবার সংজ্ঞাও হারিয়ে ফেলেন। সেখানকার ডাক্তাররা দেখেছেন, তার ব্রেনের ব্লাড ভেসেলে ইনফ্লেমেশন আছে। এজন্য আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
Published in: জনকণ্ঠ ১৭ আগস্ট ২০১৭

