লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে মেয়র আনিসুল হকের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে নাভিদুল হক।

ফেসবুক স্ট্যাটাসে নাভিদুল হক লিখেছেন: আমরা আব্বুকে নিয়ে ঢাকার পথে অাছি।

রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাভিদুল হক। সময় স্বল্পতার জন্য যাদেরকে শেষ বারের মত বাবার মরদেহ দেখাতে পারেননি তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার বেলা ১১টা ৪০মিনিটে আনিসুল হকের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। একই দিন বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর তার মরদেহ লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের হিমঘরে রাখা হয়।