ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স অথবা রিজার্ভ ফোর্স যেভাবে ইচ্ছে তারা ব্যবহার করতে পারেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে যেভাবে মনে করবে সেভাবেই ব্যবহার করবে।
সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজের ফটকে এক পথসভায় বক্তব্য শেষে আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গাড়িবহর নিয়ে ভোটের প্রচারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘আচরণবিধি লঙ্ঘনের’ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় নির্বাচন। যে মাত্রায় এ নির্বাচনে দলীয় রঙ লাগানো হচ্ছে তা সমীচীন নয়। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে উনি (খালেদা জিয়া) আইন মেনে চলবেন এটই প্রত্যাশা করি।’
এর আগে পথসভায় আনিসুল হক বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে সরকারে সঙ্গে সমন্বয় করে ঢাকাবাসীর কাঙ্খিত উন্নয়ন করবো। তাকেই আপনারা ভোট দেবেন যার উন্নয়ন ও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে এবং যার অতীতে কলঙ্কের দাগ নেই- এমন সৎ ও যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেবন।’
তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন- আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কমিশনার প্রার্থী ফরিদুর রহমান খান ইরান, আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কমিশনার প্রার্থী শামীমা বেগম।

