তিন সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তারা হলেন-ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত ফলের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হককে মেয়র হিসাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

১০৯৩টি ভোটকেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার চেয়ে এক লাখ ৩৫ হাজার ৩৭ ভোট কম পেয়েছেন নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি একযোগে ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ভোটগ্রহণ হয়।

নবগঠিত ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। বিভক্তির পর এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে লড়েন ১৬ জন।

অন্য প্রার্থীরা হলেন- মাহী বদরুদ্দোজা চৌধুরী (ঈগল), জোনায়েদ সাকি (টেলিস্কোপ), ক্বাফী রতন (হাতি), বাহাউদ্দিন আহমেদ বাবুল (চরকা), নাদের চৌধুরী (ময়ূর), এ ওয়াই এম কামরুল ইসলাম (ক্রিকেট ব্যাট), কাজী মো. শহীদুল্লাহ (ইলিশ), শেখ মো. ফজলে বারী মাসউদ (কমলা লেবু), শামছুল আলম চৌধুরী (চিতাবাঘ), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (ফ্লাক্স), চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী (লাউ), মো. আনিসুজ্জামান খোকন (ডিশ এন্টেনা), মো. জামান ভূঁঞা (টেবিল) এবং শেখ শহিদুজ্জামান (দিয়াশলাই)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২ লাখ ৪১ হাজার ৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর ভোররাতে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ ফল ঘোষণার পর দেখা যায়, ইলিশ প্রতীকে সাঈদ খোকন পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট।

৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত তিনটি বাদে বাকিগুলোতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট। ৮৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলে ২ লাখ ৪১ হাজার ৫ ভোটের ব্যবধানে এগিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

এছাড়া ৮০৮ কেন্দ্রের ফলে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন সোফা প্রতীকে ৪ হাজার ১২৬ ভোট ও ‘বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী বজলুর রশীদ ফিরোজ টেবিল প্রতীকে পেয়েছেন ৯৭৬ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ৮৮৯টি। মঙ্গলবার সকাল ৮টা থেকে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ সিটির ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ জন ও নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।

এ সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ৩৯০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়েন ৯৭ জন।

চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তিনি ১ লাখ ৭০ হাজার ৫২৪ ভোটে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন তাকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ ক্ক্ষ থেকে এ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোর ফলে আ জ ম নাছির উদ্দিন হাতি প্রতীকে পেয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

এছাড়া ইসলামী ফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থী এমএ মতিন চরকা প্রতীকে ১১ হাজার ৬৬৫ ভোট ও জাতীয় পার্টির সোলায়মান শেঠ ডিস এন্টিনা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৩১ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি একযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখানে ৭১৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটিতে ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন ও নারী ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।

চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়েছেন ৬২ জন।