ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আগামী এক মাসের মধ্যে রাজধানীর দোকান মালিকদের নির্দিষ্ট স্থানের বাইরে ফুটপাথ-সড়কের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে দোকানমালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান। আনিসুল হক বলেন, রাজধানীর খাল, ডোবা ও পানি নিষ্কাশন নালাগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। এ কারণেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের সুবিধার্থে এ কারণগুলো নিরসন করা হবে। এ জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এক্ষেত্রে কোনো রক্তচক্ষুর পরোয়া করা হবে না। এসব কাজে তিনি নগরবাসীর সহায়তা চান এবং একই সঙ্গে তিনি আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরকে গ্রিন ও ক্লিন করার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাদের নাজেহাল করতে চাই না। যারা বড় বড় পাইপ দিয়ে ড্রেন বন্ধ করে দিয়েছেন আমরা আপনাদের সঙ্গে ফাইট করবো। আমরা খাল উদ্ধারে নামবো। ডিএনসিসির সচিব নবীরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিএনসিসির বর্জ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোবাশ্বের চৌধুরী, বাজার মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম রতন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণ, মহাসচিব শাহ আলম খন্দকার, ঢাকা মহনগর দোকান মালিক সমিতির সভাপতি তৈফিক এহসান, সাধারণ সম্পাদক কামাল হোসেন কামাল প্রমুখ।

