রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ২০ দিন আগে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। গতকাল রবিবার বিকেলে ঠিক সেখানেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রচারণার ইতি টানেন। মিরপুর ১০ নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোটারদের প্রতি শেষ বার্তা হিসেবে আনিসুল হক বলেন, ‘আগামী দুই দিন নিজের সঙ্গে বোঝাপড়া করুন। মনে করবেন মেয়র নির্বাচন করছেন নিজের জন্য, নিরাপদ ঢাকার জন্য।

আর এ কাজে যাঁকে যোগ্য মনে করবেন তাঁকেই ভোট দিন। আমি মনে করি বয়স, অভিজ্ঞতা, সততা- এসব কিছুর পরিমাপে আমিই যোগ্য প্রার্থী। ‘

ঢাকার নাগরিকদের উদ্দেশে লিখিত বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘এই নগরে আগামী ২৮ এপ্রিল আসছে জেগে ওঠার বার্তা নিয়ে, সমাধান যাত্রার ডাক নিয়ে, প্রতিনিধি নির্বাচনের উৎসব নিয়ে।   ভোটের এ উৎসবে অংশ নিন। আপনার মূল্যবান ভোট এক নতুন সকালের সূচনা করতে পারে, এগিয়ে নিতে পারে সমাধান যাত্রা। ‘ তিনি বলেন, ‘ঢাকাকে সবুজ, নিরাপদ, স্বাস্থ্যকর ও সুশাসিত করার তিন বছর মেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। আমি মনে করি আগামী তিন বছরে ঢাকা শহরে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। ‘

আনিসুল হক বলেন, ‘আমি বলেছি মানবিক নগরে থাকবে গরিবের অগ্রাধিকার। শ্রমজীবী, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন কর্মসূচি। সুসমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাসব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। নগর হবে নারীবান্ধব। এখানে থাকবে বিশেষ বাস, পাবলিক টয়লেট, শিক্ষা কর্মসূচি, প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার, প্রি-স্কুল, ছাত্রী ও কর্মজীবী নারীদের জন্য হোস্টেল। ‘

সংবাদ সম্মেলনে আনিসুল হক আরো বলেন, ‘দৃঢ়কণ্ঠে বলতে পারি, আমার মধ্যে রয়েছে একজন উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি, যিনি মেয়াদভিত্তিক পরিকল্পনা করতে পারেন। গত ২০-২৫ বছরে অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগ আর নেতৃত্বের মধ্য দিয়ে আমি তা বারবার প্রমাণ করেছি। আর রয়েছে পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ এবং ব্যবস্থাপনার সামর্থ্য ও দক্ষতা। ‘

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ স্থানীয় কর্মী-সমর্থক ও আওয়ামী লীগ নেতারা।

এর আগে সকালে প্রচারণার শেষ দিনে মহাখালী বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারণা চালান আনিসুল হক। মহাখালীতে এক পথসভায় তিনি বলেন, ‘আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করতে পারেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আবার আপনাদের মাঝেই ফিরে আসব। ‘

সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েতুল্লাহর সভাপতিত্বে সভায় পরিবহন ব্যবসায়ীরাও বক্তব্য দেন এবং আনিসুল হকের জন্য ভোট প্রার্থনা করেন।

View Source PDF