রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় আজ ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকালে পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর দেড় টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রেলমন্ত্রী মজিবুল হক উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথমে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুরের দিকে সাতরাস্ত মোড়ের ট্রাকশ্রমিকরা সিটি করপোরেশনের উচ্ছেদকর্মীদের বাধা দেয়। তারা উচ্ছেদকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ জসিম উদ্দিন (৪০)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক লিয়াকত জানান, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও আশপাশের সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা কিছু দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ এবং স্ট্যান্ডের ট্রাক অপসারনকালে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরে মেয়র আনিসুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যাদের অবৈধ স্থাপনা রয়েছে তাদের সেগুলো সরিয়ে নিতে হবে। ঢাকায় কোনো অবৈধ স্থাপনাকারীদের স্থান নেই উল্লেখ করে মেয়র বলেন, অবশ্যই তাদেরকে সরে যেতে হবে। অন্যথায় তাদেকে উচ্ছেদ করা হবে।

View Source PDF