তেজগাঁওতে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের পরে শ্রমিকদের উদ্দেশে ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমিও আপনাদের সহযোগিতা করব। রাজধানীর তেজগাঁওতে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় প্রায় তিন ঘণ্টা শ্রমিক সংগঠনের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর শ্রমিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে এলাকা ছেড়েছেন মেয়র আনিসুল হক।

বিকাল সাড়ে ৪টার পর উপস্থিত শ্রমিকদের উদ্দেশে মেয়র বলেন, ওই এলাকায় রাস্তায় ট্রাক পার্কিং বন্ধ করে ভেতরে নির্ধারিত ট্রাকস্ট্যান্ডে পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। এটি সিটি করপোরেশনের নাগরিকদের স্বার্থে করা হচ্ছে।

এখানে মেয়রের কোনো স্বার্থ নেই।

তিনি বলেন, নাগরিকদের ভোটেই আমি মেয়র হয়েছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র হয়েছি। ভয় পাওয়ার কিছু নেই।

আজ দুপুর ১টার দিকে ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান শুরু হয়। এ সময় মারমুখী হয়ে ওঠেন ট্রাকচালকসহ সংশ্লিষ্ট শ্রমিকরা। বিষয়টি নিয়ে কথা বলার জন্য মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয়ে যান। এ সময় বাইরে থেকে ক্ষুব্ধ শ্রমিকরা ওই কার্যালয় অবরুদ্ধ করে রাখেন।

সেখানে মেয়র সাংবাদিকদের বলেন, যারা মাস্তানি করছেন, তাদের বলছি এসব মাস্তানি চলবে না। আমার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী ও মানুষের সমর্থন আছে। ঢাকা শহরে এসব অবৈধ কাজ হবে না।

আনিসুল হক বলেন, শহরের মানুষ যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই কাজ করছি। ভয় পাওয়ার কিছু নেই। কেউ ভয় দেখালেন আর আমি আমার লোক নিয়ে দৌঁড়ে চলে গেলাম, এটা হবে না।

View Source PDF