Published in: কালের কণ্ঠ ১৭ এপ্রিল, ২০১৫
রাজধানীতে বেদখল হয়ে যাওয়া বিভিন্ন মাঠ দখলমুক্ত ও নতুন নতুন খেলার মাঠ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী। সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় দুই প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন হাজির হয়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা ঢাকার বেদখল হয়ে যাওয়া ও ব্যবহার অনুপযোগী মাঠগুলো মুক্ত করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নিতে মেয়র পদপ্রার্থীদের প্রতি দাবি জানান। এ সময় ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচিত হলে সাঈদ খোকন বলেন, নগরীর বেদখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো উদ্ধারে মাঠে নামব।
এ জন্য দখলদার কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। আর সে কাজটি করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু করার সঙ্গে সঙ্গে আমি নগরীর খেলার মাঠগুলো নিয়ে জরিপের ব্যবস্থা করেছি। কারা, কিভাবে, কাদের উদ্দেশ্য হাসিলের জন্য খেলার মাঠগুলো দখল করে রেখেছে, তা আমার জানা হয়ে গেছে। একই সঙ্গে যেসব খেলার মাঠ অবহেলা ও অব্যবস্থাপনায় পড়ে আছে সেগুলো খেলাধুলার উপযুক্ত করে তোলা হবে। ’ এ জন্য ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সাঈদ খোকন বলেন, ‘বর্তমানে নগরীতে ৩৬টি খেলার মাঠ রয়েছে। জনসংখ্যা অনুযায়ী এই মাঠের সংখ্যা বেশি নয়। এর পাশাপাশি নতুন করে খেলার মাঠ প্রতিষ্ঠা করে বিভিন্ন খেলার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। ’
মতবিনিময় সভায় সাঈদ খোকন আরো বলেন, ‘ঢাকা মহানগরীর নাগরিক সমস্যা আজ প্রকট আকার ধারণ করেছে। রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, স্ট্রিট লাইটের সমস্যা রয়েছে। সমস্যার কোনো শেষ নেই। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এসব সমস্যা সমাধানের। তাই ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইলিশ মার্কায় ভোট চাই। ’
ঢাকা দক্ষিণের এই মেয়র পদপ্রার্থী তাঁর বাবার স্মৃতিচারণা করে বলেন, ‘বেঁচে থাকলে আজ তিনিই আমাকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতেন। এখানে যাঁরা আছেন তাঁরাসহ প্রিয় ঢাকাবাসীই আমার অভিভাবক। ’
মতবিনিময় সভায় আনিসুল হক ক্রীড়াবিদদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং শিক্ষা ও বিনোদনকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেব।
আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি এবং ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক, জাহিদ আহসান রাসেল এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, বদরউদ্দিন আহমদ কামরান, নজরুল ইসলাম বাবু এমপি, টেনিস তারকা জোবেরা রহমান লিনু প্রমুখ।

