ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়ররা দাবি করেছেন রাজধানীর পুরো এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সঠিক সময়ের মধ্যে করা হয়েছে। তবে অল্প কিছু এলাকা ও পশুর হাটগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হয়েছে। তবে রবিবার রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ শেষ হবে বলে জানান তাঁরা।
গতকাল ডিএনসিসি প্রধান কার্যালয়ে সকাল ১১টায় মেয়র আনিসুল হক ও ডিএসসিসির কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় মেয়র সাঈদ খোকন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, “আমরা ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করলেও তা ২৭ ঘণ্টার মধ্যেই করতে সক্ষম হয়েছি। অনেকেই নির্ধারিত জায়গায় না গিয়ে নিজেদের মতো কোরবানির পশু জবাই দিয়েছেন। কিন্তু তাঁরা নিজেরাই পানি দিয়ে পশুর রক্ত ধুয়ে ফেলেছেন। “
অন্যদিকে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, কোরবানির পশুর হাট ছাড়া আমাদের এলাকায় অন্য কোনো বর্জ্য নেই বললেই চলে। এ ছাড়া কিছু স্থানে যদি অল্প বর্জ্য থেকে থাকে তা অপসারণ না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ চালিয়ে যাবে। কিছু পশুর হাটে খুঁটি ও বর্জ্য রয়েছে। তা রবিবার রাতের মধ্যে পরিষ্কার করা হবে। ‘
সাঈদ খোকন বলেন, ‘আমাদের মতে, ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য হওয়ার কথা। ইতিমধ্যেই আমরা ১৬ হাজার মেট্রিক টন অপসারণ করতে সক্ষম হয়েছি। ‘

