নাগরিকদের বাসযোগ্য সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। তাঁরা বলেন, ঢাকা শহরে হাজারো সমস্যা রয়েছে। এত সব সমস্যার মধ্যেও একটি বাসযোগ্য শহর গড়তে নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করবেন তাঁরা।

পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।

গতকাল রবিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

রাজধানী শহরের উন্নয়নে নিজ নিজ অংশে সবার সহযোগিতা নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন দুই মেয়র।

উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘জীবনের সব সততা দিয়ে আমি আমার ওপর দেওয়া দায়িত্ব পালন করব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি সবার প্রতি সমান দায়িত্ব আমি পালন করব। ‘

আনিসুল হক বলেন, বিশ্ব বাংলাদেশকে তিনটি কারণে বেশি চেনে- বঙ্গবন্ধুর ডাকে ৯ মাসে স্বাধীন হওয়া দেশ, তৈরি পোশাক রপ্তানিতে ‘মেড ইন বাংলাদেশ’ এবং হরতাল-ধর্মঘটের বাংলাদেশ। বস্ত্র খাতের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘দোয়া করবেন, প্রত্যয় ও বিশ্বাস রক্ষা করে আগামী পাঁচ বছর পরে যেন আপনাদের সামনে দাঁড়াতে পারি। ‘

সবাই মিলে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘শত সমস্যার মধ্যে রয়েছে প্রিয় রাজধানী ঢাকা। এত কিছুর পরও আমরা মাথা উঁচু করে বেঁচে আছি। আমাদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং সামাজিক ও পারিবারিক বন্ধন। ‘ তিনি বলেন, ‘সবাই সহযোগিতা দিলে একটি বাসযোগ্য নগরী উপহার দেব। সব সমস্যা সংকটে একসঙ্গে এগিয়ে যাব। ‘

শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আপনারা রাজধানী ঢাকার উন্নয়নে বিনিয়োগ করুন। এ বিনিয়োগ হতে পারে সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। নগর ভবন আপনাদের জন্য সব সময় খোলা। কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে না। ‘

বিজিএমইএর শহর পরিছন্ন রাখার পরিকল্পনাকে স্বাগত জানান সাঈদ খোকন।

সংবর্ধনা সভায় নবনির্বাচিত দুই মেয়রকে উদাহরণযোগ্য কিছু করার আহ্বান জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আপনাদের কাছে খুব বেশি কিছু চাই না, রাজধানী ঢাকাকে পরিষ্কার দেখতে চাই। এ জন্য খুব বেশি অর্থের প্রয়োজন নেই। শুধু ইতিবাচক মানসিকতা দরকার। ‘

বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অনেক সমস্যা। তাই এ সমস্যা আপনাদেরও। সমস্যা সমাধানে আপনাদের কাজ করতে হবে। আমরা আশা করব, এ শহরকে স্মার্ট করে তুলবেন, যানজটমুক্ত করবেন। ‘

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, ‘ঢাকা শহরের মানুষের চাহিদা কম। তাঁরা শুধু রাতে শান্তিতে ঘুমাতে চান, আর নিরাপদে কর্মস্থলে যেতে চান। তাঁদের এই চাহিদাটুকু পূরণে সচেষ্ট হবেন। ‘

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রী যখন এই দুই প্রার্থীর নাম প্রস্তাব করেন তখন বেশ অবাকই হয়েছিলাম। এটাও মনে হয়েছিল, সঠিক দুই প্রার্থীর নামই তিনি প্রস্তাব করেছেন। আমরা আশা করছি, তাঁরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। ‘

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার ঘোষণা দেন, উত্তর ও দক্ষিণ দুই সিটিতে দুটি ফুটওভার ব্রিজ তৈরিতে তিনি সহায়তা করবেন।

বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আশা করি নাগরিকদের দেওয়া দায়িত্ব পালনে তাঁরা সক্ষম হবেন। ‘

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল প্রমুখ।

View Source PDF