আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন পার্কে দৃষ্টিনন্দন ম্যুরালসহ একটি আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি একথা জানান।

পাবলিক টয়লেটের উদ্বোধন করছেন মেয়র

পাবলিক টয়লেটের উদ্বোধন করছেন মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, বৃহস্পতিবার ফার্মগেট ছাড়াও মহাখালীর ওয়াসা পাম্প সংলগ্ন এলাকায় একটি এবং শ্যামলী শিশু পার্কের ভেতরে আরেকটি আধুনিক টয়লেট চালু করা হয়। এ তিনটি মিলিয়ে নগরীর বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত নয়টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। ডিএনসিসির তত্ত্বাবধানে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে টয়লেটগুলো নির্মাণ করা হয়।

জানা গেছে, এসব পাবলিক টয়লেটে রয়েছে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, লকার, হাত ধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকার নিয়োজিত থাকছে।

নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হচ্ছে। ডিএনসিসির উদ্যোগে এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম গ্রে-অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাওসুল আলম শাওন প্রমুখ।

View Source PDF