রাজধানী ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়া কঠিন কাজ মন্তব্য করে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেছেন, ‘শহর গড়ার দায়িত্ব পাওয়ার পর মাস্টারপ্ল্যান করতে গিয়ে দেখলাম, এ শহর নতুন করে গড়ার অবস্থানে নেই। দায়িত্বে এসে দেখি এটা সহজ কাজ নয়। সব দখল হয়ে গেছে। রাস্তা যারা দখলে রেখেছেন, তারা অনেক বেশি প্রভাবশালী। তাদের মোকাবিলা করা সহজ কাজ নয়।’

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ফটোগ্রাফির বই ‘ঢাকা মেমোরিস অর লস্ট’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মেয়র আনিসুল হক এমন কথা বলেন।

মেয়র বলেন, ‘বিভিন্ন সময় পার্ক, খাল, রাস্তা, ড্রেনের কাজে যখন হাত দেই, তখন দেখি এ কাজ করার অধিকার আমার নয়। অন্য কোনও প্রতিষ্ঠানের। এ কারণে ইচ্ছা থাকলেও অনেক কাজ করতে পারি না। পার্ক বানাতে গিয়ে দেখি এটা আমার কাজ নয়, খাল উদ্ধার করতে গিয়ে দেখি আমার খাল নয়, লেক পরিষ্কার করতে গিয়ে দেখি আমার কাজ নয়। মশা মারতে গিয়ে দেখি অনেক স্থানে আমি প্রবেশ করতে পারি না। এভাবে কি শহর গড়া যায়? তাই রাজধানী ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়া কঠিন।’

অনুষ্ঠানের শুরুতে নিজের বই সম্পর্কে স্থপতি কাসেফ চৌধুরী বলেন, ‘বইয়ে ঢাকা শহরের ৮০ দশকের ছবি স্থান পেয়েছে। ছবিগুলো ফিল্মের ক্যামেরায় তোলা। বইটি প্রকাশিত হয়েছে সুইজারল্যান্ড থেকে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

View Source PDF