একবছরে উত্তর সিটি করপোরেশনের কাজ কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলা ট্রিবিউনের জরিপের কথা উল্লেখ করে মেয়র আনিসুল হক বলেছেন, আমি সন্তুষ্ট কিনা সেটার ব্যারোমিটার জনগণ। বাংলা ট্রিবিউনের জরিপ দেখে বোঝা যাচ্ছে- কাজ হচ্ছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একবছর নিয়ে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’র শুরুতেই উত্তরের মেয়র আনিসুল হক এ কথা বলেন। বৈঠকিতে পাঠক ও রাজধানীবাসীর প্রশ্নের উত্তর দেবেন তিনি।
আনিসুল হক বলেন, ‘আমরা নাকি সাধারণত প্রশংসা করি না। কিন্তু আমি তো বিপরীতটি দেখছি। বাংলা ট্রিবিউনের জরিপে দেখা গেছে- ঢাকা উত্তরের ৬৯ দশমিক ৩৩ শতাংশ মানুষই সন্তুষ্ট। অপরদিকে অসন্তোষ প্রকাশ করেছেন ৩০ দশমিক ৬৭ শতাংশ। জরিপ থেকে দেখা যায়- ১৩টি প্রশ্ন নিয়ে সার্ভে করা হয়েছে। এর মধ্যে সাতটিতেই আমার প্রতি সন্তুষ্ট ৫৫ ভাগের ওপরে। এটাই আমার ব্যারোমিটার।’
বাংলা ট্রিবিউনের আয়োজনে এ বৈঠকি চলবে দুপুর ১টা পর্যন্ত। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজের কমেন্ট অপশনে প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে পাঠকরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। পাঠকদের প্রশ্নগুলো মেয়রের সামনে উত্থাপন করবে বাংলা ট্রিবিউন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সিক্স সিজনস হোটেলের পরিচালক কাজী আকিব শামস, স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ও স্থপতি খন্দকার আনসার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

