আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরাসরি উচ্ছেদ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। মেয়রের একবছর পূর্তিতে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘এগুলো সরাসরি তুলে দেওয়া হয়তো সম্ভব নয়। তবে সম্ভাবনার জায়গায় সমঝোতা করতে হবে।’

বৈঠকে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যাধিক্য আছে, সবাই মানে। বাসিন্দাদেরও সমস্যা হচ্ছে। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কতটুকু সরাতে হবে, সবটা নাকি কিছুটা এগুলোর সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। রাজউক থেকেও বলা হচ্ছে না- কতটুকু থাকতে পারবে। মানুষকে অবগত করা বা তাদের সঙ্গে নিয়ে পরিকল্পনার জায়গাও দেখা যায় না। একেক সময় একেক জনের কাছ থেকে আল্টিমেটাম আসে। কিছুই হয় না। অরাজকতা চলতেই থাকে।’

এ কথার পরিপ্রেক্ষিতে মেয়র আনিসুল হক বলেন, ‘আইন অনুযায়ী আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না। ধানমণ্ডির বাইরের মানুষ ধানমণ্ডিতে আসবে কেন- এমন প্রশ্ন করে মানুষকে আটকে রাখা যাবে না। যে যেখানেই পারছে সেখানেই দোকান তুলে দিচ্ছে। কোনওটাই হয়তো আইনসিদ্ধ নয়। এই আইন যখন ড্যাপ করেছিল তখন ১ কোটি ৬০ লাখ বাসস্থান হবে ভেবেছিল। তাহলে বাণিজ্যিক এলাকা নেই কেন? সেজন্যই আমি সমঝোতার কথা বলছি। সরাসরি তুলে দেওয়া হয়তো সম্ভব হবে না। ফলে সম্ভাবনার জায়গাগুলোতে সমঝোতা করতে হবে।’

View Source PDF