গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমরা যেন সাহস না হারাই। বরং আমরা অন্যদের সাহস যোগাব। আর এ জন্য নগরবাসীকে আইনশৃঙ্ক্ষলা মেনে নিরাপত্তা বাড়ানোর কাজে সহযোগিতা করতে হবে।’
মঙ্গলবার ডিএনসিসি’র ২ ও ৪ নম্বর অঞ্চল নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র এসব বলেন। ডিএনসিসি’র কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সভায় মিরপুর, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, কাজীপাড়া, শেওড়াপাড়া, দারুস সালাম ও কল্যাণপুর এলাকার ভবনমালিক সমিতির প্রতিনিধি, দোকানমালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা নিজ-নিজ এলাকার সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন।
সভায় আগামী তিন বছরে সিটি করপোরেশনের ২ ও ৪ নম্বর অঞ্চলে সাড়ে ৬০০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মেয়র। তিনি বলেন, চলতি মাসের ১৪ তারিখের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য-ব্যবস্থাপক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদ্বয় ও স্থানীয় কাউন্সিলরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

