অনেক দিনের বন্ধু তারা। বন্ধুর সঙ্গে গান গেয়ে কত রাত কেটে গেছে তা হয়তো জানা নেই মেয়র আনিসুল হকের। তাই কিংবদন্তি সঙ্গীতশিল্পী বন্ধু লাকী আখন্দের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করলেন তিনি।
গতকাল লাকী আখন্দের ছোট ভাই হ্যাপি আখন্দের জন্মদিন ছিল। সে উপলক্ষে রাতে লাকী আখন্দের বাসায় তাকে দেখতে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় উপস্থাপক ও বর্তমানের সফল মেয়র আনিসুল হক।
ফুসফুসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন লাকী আখন্দ। তবে এখনো তিনি সুস্থ নন। তারপরও অনেক দিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা। অসুস্থতা সত্বেও তার কণ্ঠে গাওয়া অনেকগুলো জনপ্রিয় গান মেয়রকে শোনালেন। আর পাশে বসে গান শোনার পাশাপাশি বন্ধু লাকী আখন্দের পিঠে হাত বুলালেন তিনি। সত্যিই বন্ধুর সঙ্গে বুঝি বন্ধুর ভালোবাসা এমনি হয়।
মেয়র আনিসুল হক জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন আরও অনেক অনেক বছর লাকি আমাদের মাঝে থাকুক ।
উল্লেখ্য, অসংখ্য গানের সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ দীর্ঘদিন ফুসফুসে ক্যানসারে ভুগছেন। অসংখ্য কালজয়ী গানের সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আমায় ডেকো না, ‘এই নীল মনিহার, ‘কবিতা পড়ার প্রহর এসেছে, ‘যেখানে সীমান্ত তোমার, ‘মা মনিয়া, ‘লিখতে পারি না কোনো গান, ‘ভালোবেসে চলে যেও না, ‘বিতৃঞ্চা জীবনে আমার, ‘কি করে বললে তুমি, ‘এত দূরে যে চলে গেছ’র মতো দর্শপকপ্রিয় গান হাতের যাদুতে সৃষ্টি হয়েছে।

