ওয়াসাকে ক্যান্সার আক্রান্ত এবং বিকলাঙ্গ সন্তান বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, সংবিধানমতো সব কিছুই তার এখতিয়ারে না থাকার পরও সব ভোগান্তির জন্য মানুষ তাকেই দুষছে। তবে, তিন মাসের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করে পরিস্কারের অঙ্গীকার করেছেন তিনি।
রোববার স্থানীয় সরকার, গৃহায়ণ ও গণপূর্ত এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের তিন মন্ত্রীর উপস্থিতিতে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে আন্তঃবিভাগীয় সভায় এভাবেই আক্ষেপ করেন মেয়র আনিসুল হক। ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে সরব হন ওয়ার্ড কাউন্সিলররাও।
সভায় রাজধানীর ৪৩টি খাল বেদখলের চিত্র তুলে ধরা হয়। ওয়াসার তত্ত্বাবধানে থাকা ২৬টি এবং ঢাকা জেলা প্রশাসকের অধীনে থাকা বাকী খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সেবাদানকারী সব সংস্থাকে সমন্বয় করে মাস্টারপ্ল্যানের তাগিদ দেন নীতিনির্ধারকরা। এছাড়া ঢাকার খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসে বৈঠকে।

