প্রয়াত মেয়র আনিসুল হকের শেষ নামাজের জানাজা পড়ানো হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শনিবার বাদ আসর সেখানে শেষ জানাজা পড়ানো হয়। জানাজা শেষে মেয়র আনিসুল হক বনানী কবরস্থানে শায়িত হবেন।

আর্মি স্টেডিয়ামে শেষ জানাজায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাস ভবনে যান। প্রধানমন্ত্রী সেখানে গেলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রী মরহুম মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। আনিসুল হকের স্ত্রী, পুত্র, কন্যারসহ মরহুমের পরিবারের সদস্যরা এসময় কান্নায় ভেঙে পড়েন। পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে বসে কথা বলেন তিনি।