ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে, নারী উদ্যোক্তাদের জন্য শুরু হলো, সাত মাস মেয়াদি প্রশিক্ষণ প্রকল্প আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেনিওরস। আনিসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রকল্পটিতে প্রশিক্ষণ নেবেন ঢাকা ও ঢাকার বাইরের ৩৪ জন নারী উদ্যোক্তা।

এক দশকের ব্যবধানে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে দ্বিগুনেরও বেশি। কিন্তু নারী হিসেবে ব্যবসা করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধাও বাড়ছে। ফলে ক্ষুদ্র অবস্থাতেই আটকে আছেন অনেক নারী উদ্যোক্তা।

এসকল নারীদের উদ্যোগকে প্রসারিত করতেই শুরু হলো আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেনিওরস প্রকল্প। আনিসুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠোপোষকতায় প্রকল্পটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করবে, আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও চাকরী খুজবো না চাকরি দেব প্লাটফর্ম।

সব ধরণের বাঁধা পেরিয়ে নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. রুবানা হক বলেন, উদ্যোক্তা হবার জন্য অর্থের কোন অভাব নেই। মানুষ দেয়ার জন্য বসে আছেন। কিন্তু আমরা চাইতে পারিনা এবং আমরা বোঝাতেও পারিনা আমাদের চাহিদা কি? দূর দূরান্ত থেকে নারীরা এত দূর এসে যদি উদ্যোক্তা হবার স্বপ্ন দেখতে পারেন, এত কষ্ট করতে পারেন। গার্মেন্টস কর্মীরা যদি ব্যবসায়ী হবার সপ্ন দেখতে পারেন। আমরা যদি তাদের সহায়তা করতে পারি, আপনারা কেন পারবেন না? আনিসুল হক স্বপ্ন দেখেছিলেন, আপনারা যদি সেই স্বপ্ন ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু সেই স্বপ্নের অপমৃত্যু হবে। কীর্তি বা স্থানটা জরুরি না, কাজটা জরুরি।

সাত মাস মেয়াদি এই প্রকল্পে দেশের ৩৪ জন নারী উদ্যোক্তা নানারকম সেশনের মাধ্যমে, ব্যবসা বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পাবেন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, টেকনোহ্যাভেন কোম্পানী লিমিটেডের সিইও হাবিবুল্লাহ নেয়ামুল করিম, বিডি ভেঞ্চার লিমিটেডের সবেক এমডি শওকত হোসাইনসহ আরও অনেকে।